কলম্বিয়ায় ভয়াবহ দাবানল: ভিও দে লেইভায় পুড়ল ২০০ হেক্টর বনভূমি
অনলাইন ডেস্ক: কলম্বিয়ার মধ্যাঞ্চলের বিখ্যাত ও জনপ্রিয় পর্যটন শহর ‘ভিলা দে লেইভা’র নিকটবর্তী বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ২০০ হেক্টর বনভূমি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা।
সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, ঔপনিবেশিক স্থাপত্য সৌন্দর্য এবং প্রাচীন পাথরে বাঁধানো রাস্তার জন্য খ্যাতি অর্জন করা আন্দিজ অঞ্চলের এই শহরে প্রতি বছর প্রায় ১০ লাখের বেশি পর্যটকের সমাগম ঘটে। তবে বনাঞ্চলে লাগা আগুনের তীব্র লেলিহান শিখা শহরের প্রাণকেন্দ্র থেকেও স্পষ্ট দেখা যাওয়ায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় কর্মকর্তা হোসে কাস্ত্রো জানান, প্রাথমিক অনুমানের তুলনায় আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ চার গুণেরও বেশি বেড়ে গেছে এবং ইতোমধ্যে ২০০ হেক্টরের বেশি বনাঞ্চল ধ্বংস হয়েছে। শনিবার বনাঞ্চলে প্রথম আগুন লাগার পর থেকে স্থানীয় ২৫০ জনেরও বেশি দমকলকর্মী, সেনা সদস্য এবং স্বেচ্ছাসেবী বাসিন্দা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আগুন নিয়ন্ত্রণে গভর্নরের কার্যালয় ও সশস্ত্র বাহিনীর চারটি হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা জানিয়েছেন, প্রাকৃতিক সম্পদ ও বাসিন্দাদের নিরাপত্তায় রাষ্ট্রের সর্বাত্মক সম্পদ কাজে লাগানো হচ্ছে।
কলম্বিয়ার দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা জানায়, ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় ইতোমধ্যেই আগুনের প্রায় ৫০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। চরম শুষ্ক আবহাওয়া এবং বর্তমানে বিরাজমান ‘এল নিনো’ আবহাওয়াজনিত খরা ও অতিরিক্ত তাপমাত্রার কারণে কলম্বিয়াজুড়ে অন্তত ১৮টি বনাঞ্চলে দাবানল সক্রিয় রয়েছে বলে জানা গেছে।