নদী ভাঙনরোধে সর্বোচ্চ সুরক্ষার আশ্বাস জহির উদ্দিন স্বপনের
সাঈদ পান্থ, বরিশাল: বরিশালের গৌরনদীতে নদী ভাঙনকবলিত এলাকা সুরক্ষায় সরকারের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্পিডবোটযোগে উপজেলার আড়িয়াল খাঁ নদীতীরবর্তী মিয়ারচর এলাকা পরিদর্শন শেষে নদীতীর প্রতিরক্ষা কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় জহির উদ্দিন স্বপন বলেন, মিয়ারচরসহ উপজেলার নদী ভাঙনকবলিত ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে স্থায়ী সুরক্ষার আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। জনগণের জানমাল রক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
পরে তিনি পালরদী নদীর বোরাদী গরঙ্গল, মোল্লারখাল এবং মাহিলাড়া ইউনিয়নের দক্ষিণ বিল্বগ্রামসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ ইব্রাহিম, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান এবং পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা