সংবিধান সংশোধনের পর গণভোটের সিদ্ধান্ত

প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ণ
সংবিধান সংশোধনের পর গণভোটের সিদ্ধান্ত

সকালবেলা অনলাইন: সংবিধানে মৌলিক পরিবর্তন ও সংস্কার আনার লক্ষ্যে সিদ্ধান্ত চূড়ান্ত করার পর পুনরায় গণভোটের আয়োজন করবে সরকার। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির বৈঠকে এমন গুরুত্বপূর্ণ প্রস্তাব উঠে এসেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটিতে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অংশ নিয়ে তাঁদের মতামত ব্যক্ত করেন।

বৈঠক শেষে দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি গণমাধ্যমকে জানান, সংবিধানে বড় ধরনের পরিবর্তন আনতে জনগণের প্রত্যক্ষ মতামত অপরিহার্য বলে মনে করছে কমিটি। কমিটির প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সংবিধানের নিয়ম অনুযায়ী মৌলিক সংস্কারের পর তা কার্যকরে সাংবিধানিক গণভোটে যেতে হবে।

কমিটি আশা প্রকাশ করছে, আগামী বছরের শুরুতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই এই সংবিধান সংশোধন বিল পাস হবে। সেজন্যই অংশীজনদের সাথে মতবিনিময় করে বিলে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন চূড়ান্ত করা হচ্ছে।

বৈঠকে জ্যেষ্ঠ সাংবাদিকরা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের জোর দাবি জানান এবং বিরোধী দলকে এতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিরোধী দলকে সঙ্গে নিয়ে এগোনোর চেষ্টা অব্যাহত থাকবে এবং সংসদে বিলটি আলোচনার জন্য উত্থাপন হলে তারাও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এছাড়া রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতার ভারসাম্য আনার বিষয়েও বৈঠকে বিশদ আলোচনা হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন