২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি: পরিচয় গোপন রেখে দীর্ঘ ২৭ বছর ধরে ভারত ও কুয়েতে আত্মগোপনে থাকা কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের ঘনিষ্ট সহযোগী, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জয়নাল সরদারকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৮ ও র্যাব-৬-এর যৌথ অভিযানে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জয়নাল সরদার বরিশালের গৌরনদী উপজেলার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।
র্যাব জানায়, ১৯৯৯ সালে খুলনা জেলার রূপসা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আদালত জয়নাল সরদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সাথে লাশ গুম করার অপরাধে তাকে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলায় মূল অভিযুক্ত এরশাদ শিকদারের আগেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
বরিশাল র্যাব-৮-এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ওয়ালিদ হাসান মিঠু জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়নালকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে রোববার তাকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এআইএল/সকালবেলা