খালেদা জিয়ার বহরে হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার এজাহারনামীয় আসামি কাজী নুর আলমকে গ্রেপ্তার করেছে ফেনীর ছাগলনাইয়া থানা পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পৌর এলাকার হিছাছড়া রাস্তার মাথা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নুর আলম ছাগলনাইয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ছাগলনাইয়া পৌর শাখার সভাপতি।
পুলিশ সূত্রের বরাতে জানা যায়, ২০১৭ সালের ২৮ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ এলাকায় বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০২৪ সালের ১১ অক্টোবর ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক সুলতান মোহাম্মদ সিকান্দার ভুট্টো বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেন। নুর আলম উক্ত মামলার তালিকাভুক্ত আসামি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ফেনীর মহিপালে সহিংসতার ঘটনায় ফেনী মডেল থানায় দায়ের করা একটি হত্যা ও একটি বিস্ফোরক মামলারও অন্যতম এজাহারনামীয় আসামি তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এআইএল/সকালবেলা