শ্রীমঙ্গলে ২৬ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৬ বোতল ভারতীয় মদসহ রিপন চন্দ্র দাস (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের উত্তর উত্তরসুর এলাকায় ইনডোর স্টেডিয়ামের পশ্চিম পাশের পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিপন কালাপুর ইউনিয়নের মাজদিহি এলাকার রবীন্দ্র চন্দ্র দাসের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) সজীব চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে রিপন চন্দ্র দাসকে আটক করা হয়। পরে তাঁর হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে এসব মদ রাখার কথা স্বীকার করলেও বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, চলতি সেপ্টেম্বর মাসে মৌলভীবাজার জেলায় মোট ১৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে এবং এসব ঘটনায় ৫টি মামলায় ১২ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এআইএল/সকালবেলা