ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার
বিশেষ সংবাদদাতা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগ এনে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংসদ সদস্য রুমিন ফারহানা। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন তিনি।
একই সঙ্গে নজরুল ইসলাম ছোটন হাইকোর্টের যে বেঞ্চে ডিএজি হিসেবে দায়িত্ব পালন করছেন, বিষয়টি সেই আদালতের নজরেও আনেন রুমিন ফারহানা। তবে আদালত এ বিষয়ে কোনো আদেশ দেননি বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
জানা গেছে, সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দিয়ে ডিএজি ছোটন লেখেন, ‘লেডি মীরজাফর রুমিন ফারহানা আফা অতীত খুব দ্রুত ভুলে গেলেন।’
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, তিনি লিখিত অভিযোগ পাওয়ার পর ডিএজি ছোটনের বক্তব্য শুনেছেন। অ্যাটর্নি জেনারেল বলেন, "ছোটন সাহেব রুমিন ফারহানার বর্তমান ও অতীত বক্তব্যের পার্থক্য উল্লেখ করে একটি ভিডিও শেয়ার করেছিলেন। বিগত সরকারের আমলে তাঁর ওপর যে নির্যাতন হয়েছিল, সেটি মনে করিয়ে দিতেই মূলত তিনি উক্ত পোস্টটি করেছিলেন।"
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, "আমার মনে হয়েছে ছোটন সাহেব তাঁর স্বাধীন মতামত প্রকাশের অধিকার চর্চা করেছেন। প্রাথমিকভাবে মনে হয়েছে তাঁর দেওয়া পোস্টটি পেশাগত আচরণবিধি কিংবা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্তের আওতাভুক্ত নয়।"
এআইএল/সকালবেলা