নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম মাওলানা আকরাম হুসাইন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে ফতুল্লার ভূঁইগড় বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় একই মসজিদের মুয়াজ্জিন মাওলানা আবু হানিফসহ আরও বেশ কয়েকজন আহত হন।
নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের প্রচার সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ জানান, নিহত মাওলানা আকরাম হুসাইনের মরদেহ মাসদাইর কেন্দ্রীয় সিটি কবরস্থানে গোসল শেষে তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার দড়িচর এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর জানাজা শেষে তাঁকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুর্ঘটনার খবর পেয়ে মাসদাইর কবরস্থানে ছুটে আসেন নারায়ণগঞ্জ উলামা পরিষদের সেক্রেটারি মুফতী জাকির হুসাইন কাসেমী, মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা আব্দুল হাকীম দিফাঈ এবং উলামা দলের আহ্বায়ক হাফেজ শিব্বীর আহমদসহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসার আলেম-ওলামা, বাস মালিক সমিতির নেতা, মুসল্লি ও শুভাকাঙ্ক্ষীরা।
এদিকে এ দুর্ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ উলামা পরিষদের নেতারা। তাঁরা দুর্ঘটনার জন্য দায়ী চালককে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি নিহত ও আহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।
এআইএল/সকালবেলা