পাঁচবিবিতে পুকুর থেকে ৪২ লাখ টাকার মূর্তি উদ্ধার
মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে পাচারের আগেই একটি পুকুর থেকে দুটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোররাতে উপজেলার হাটখোলা সীমান্তের পূর্ব উচনা এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন হাটখোলা বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব উচনায় তল্লাশি চালান। এ সময় একটি পুকুরে লুকানো অবস্থায় দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়।
উদ্ধার করা মূর্তি দুটির মোট ওজন ৪২ কেজি এবং এগুলোর আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ টাকা। বিজিবির ধারণা, মূর্তি দুটি ভারতে পাচারের উদ্দেশ্যে পাচারকারীরা ওই পুকুরে লুকিয়ে রেখেছিল।
পরবর্তী সময়ে উদ্ধার হওয়া মূর্তি দুটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি মামলা করা হয়েছে।
এআইএল/সকালবেলা