উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ণ
উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

সাঈদ পান্থ, বরিশাল প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিদ্দিকুর রহমান (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক রাহাত সরদার (২৫) গুরুতর আহত হন। 

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে দক্ষিণাঞ্চলের প্রায় ২১টি জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। পরে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল শুরু হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি বাসের সামনের অংশে ঢুকে দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই আরোহী সিদ্দিকুর রহমান মারা যান।

গুরুতর আহত চালক রাহাত সরদারকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সিদ্দিকুর রহমান উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় গ্রামের মোহাম্মদ হাজীর ছেলে। আহত রাহাত সরদার উপজেলার শিকারপুর বন্দরের মুদি ব্যবসায়ী রুহুল আমিনের ছেলে; দোকান বন্ধ করে নিকটাত্মীয় সিদ্দিকুর রহমানকে নিয়ে আটিপাড়া গ্রামের নিজ বাড়িতে ফেরার পথে তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

এআইএল/সকালবেলা