এগারসিন্দুর ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব করার প্রতিশ্রুতি আজাদের

প্রকাশ: শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ণ
এগারসিন্দুর ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব করার প্রতিশ্রুতি আজাদের

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৪নং এগারসিন্দুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মো. আবুল কালাম আজাদ ইউনিয়নের উন্নয়ন ও জনসেবাকে কেন্দ্র করে ১২ দফা নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেছেন।

সম্প্রতি প্রকাশিত তাঁর নির্বাচনী প্রচারপত্রে তিনি নিজেকে এগারসিন্দুর ইউনিয়নের খামা গ্রামের বাসিন্দা এবং রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। প্রচারপত্রে তাঁর শিক্ষাগত ও পেশাগত পরিচয়ের পাশাপাশি ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

আবুল কালাম আজাদের ঘোষিত অঙ্গীকারের মধ্যে রয়েছে মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও জুয়ামুক্ত সমাজ গঠন, জন্ম ও মৃত্যুসনদসহ নাগরিক সেবা সহজীকরণ এবং সাধারণ মানুষকে হয়রানি থেকে মুক্ত রাখার উদ্যোগ।

উন্নয়ন পরিকল্পনায় তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট, কালভার্ট ও নতুন রাস্তা নির্মাণ এবং সড়কবাতি স্থাপনের কথা উল্লেখ করেছেন। পাশাপাশি ইউনিয়নের স্বাস্থ্যসেবা উন্নয়ন, কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম শক্তিশালী করার অঙ্গীকারও রয়েছে।

শিক্ষা ও যুব উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়ে তাঁর প্রচারপত্রে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষিত ও বেকার যুবকদের আধুনিক ও AI-নির্ভর প্রযুক্তিতে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

এছাড়া বিধবা, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভাতা নিশ্চিত করা, কৃষকদের কৃষিতে উৎসাহিত করা, দিনমজুর ও ভূমিহীনদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের উদ্যোগ, মুক্তিযোদ্ধা ও প্রবীণদের সম্মান এবং প্রবাসী পরিবারের সদস্যদের সহযোগিতার কথাও অঙ্গীকারে উল্লেখ করা হয়েছে।

নারী ও পুরুষের সমান অধিকার, মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথাও তাঁর ঘোষিত ১২ দফা অঙ্গীকারে রয়েছে। একই সঙ্গে তিনি ইউনিয়ন পরিষদের সেবা জনগণের কাছে আরও সহজ ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

প্রচারপত্রে আবুল কালাম আজাদ বলেন, জনগণের পাশে থেকে তাঁদের সহযোগিতা নিয়ে এগারসিন্দুর ইউনিয়নকে একটি আদর্শ ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। তিনি ৪নং এগারসিন্দুর ইউনিয়নের চেয়ারম্যান পদে তাঁকে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, এগারসিন্দুর ইউনিয়নে ২০২২ সালের ইউপি নির্বাচনে নূরুজ্জামান মিয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন; নির্বাচন কমিশনের ফলাফলভিত্তিক প্রতিবেদনে তিনি ৫,৩৯৫ ভোট পেয়েছিলেন।

এআইএল/সকালবেলা