মাদারীপুরের কালকিনিতে সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রবাসীদের বাড়িতে হামলা
কালকিনি, ডাসার (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নে পূর্ববিরোধ ও চাঁদাবাজির জেরে সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার এবং বেশ কয়েকজন প্রবাসী ও স্থানীয় সাধারণ মানুষের বাড়িঘরে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর, ব্যাপক লুটপাট এবং একাধিক বসতঘর ও রান্নাঘরে অগ্নিসংযোগ করে। আগুনে গবাদিপশু পুড়ে ছাই হয়ে যাওয়া এবং মূল্যবান মালামাল লুট হওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রায় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, গত গত ২১ অক্টোবর কালিগঞ্জ বাজারে তাইজুল সরদার নামের এক ব্যক্তির আকস্মিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরবর্তীতে সেই সুযোগকে কাজে লাগিয়ে আলিনগর এলাকার পুরুষশূন্য বাড়িগুলোতে স্থানীয় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের উপদ্রব মারাত্মকভাবে বেড়ে যায়।
ফ্রান্স প্রবাসী সবুজ সরদার ও তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে জানানো হয়, মিথ্যা হত্যা বা বিস্ফোরক মামলা দিয়ে হয়রানির ভয় দেখিয়ে তাদের পরিবারের কাছে কতিপয় সন্ত্রাসী এক লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু সেই অবৈধ চাঁদা দিতে সম্পূর্ণ অস্বীকার করায় আজ সোমবার (২৬ অক্টোবর) ভোররাতের দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী কালিনগর ও এর আশপাশের বিভিন্ন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে ও বর্বরোচিত তাণ্ডব চালায়।
অভিযোগে প্রকাশ, সন্ত্রাসীরা ফ্রান্স প্রবাসী সবুজ সরদার, সোহেল সরদার, সৌদি প্রবাসী শাহাদাত, আলমগীর সরদার এবং মতলেব তালুকদারের বসতঘর ও রান্নাঘরে পেট্রল ঢেলে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে। আগুনে ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এ সুযোগে সন্ত্রাসীরা ৪টি দামি গরু, ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকাসহ ঘরে থাকা সমস্ত মূল্যবান মালামাল ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। আলিনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় একযোগে অন্তত ২০ থেকে ২২টি বসতবাড়িতে এই হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা। সব কিছু হারিয়ে এসব পরিবারের নারী, শিশু ও সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে চরম মানবেতর জীবনযাপন করছেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম গণমাধ্যমকে জানান, “খবর পাওয়া মাত্রই কালকিনি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”