ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ণ
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

হুসাইন আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা: ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সালাউদ্দিন মোল্লা (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তাঁর আরও দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন নগরকান্দা উপজেলার কুমারদিয়া গ্রামের আদম মোল্লার ছেলে। আহতরা হলেন একই এলাকার সাব্বির সেক (১৮) ও তামিম হোসেন (২৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নগরকান্দা থেকে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে হাইওয়ে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে যাচ্ছিলেন। এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির অজ্ঞাত গাড়ি তাঁদের সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন জানান, পুলিশ লাশ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং ঘাতক গাড়িটি শনাক্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন