রংপুরে চার খুন: গ্রেপ্তার ২ আসামির স্বীকারোক্তি, কারাগারে প্রেরণ
বিশেষ প্রতিনিধি: রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন—নগরীর মাছুয়াপাড়া এলাকার মুগ্ধ দাস (২৩) ও তাঁর ভাগনে সিদ্ধার্থ দাস (১৯)। তারা দুজনই নিহত পরিবারের প্রতিবেশী। সিদ্ধার্থ নগরীর একটি জুয়েলারি দোকানে এবং মুগ্ধ স্থানীয় একটি মাছের দোকানে কাজ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি জানান, আসামিদের রংপুরের মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক মো. রফিকুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাঁদের জবানবন্দি নথিভুক্ত করেন। হত্যাকাণ্ডের দায় স্বীকার করায় তাঁদের রিমান্ড আবেদন না করে সরাসরি কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার রাতে নগরীর কামালকাছনা মাছুয়াপাড়া এলাকার নিজ বাসা থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছোট ছেলে প্রীয়ম চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন রবিবার ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত এই দুজনকে গ্রেপ্তার করা হয়।
এআইএল/সকালবেলা
|