কয়লা থেকে তেল তৈরি করছে চীন, অর্থনৈতিক মূল্য বাড়ছে সাত গুণ
আন্তর্জাতিক ডেস্ক: চীনের বৃহত্তম ‘কয়লা থেকে তরল’ (Coal-to-Liquid) কারখানা সফলভাবে কয়লাকে উচ্চমূল্যের তরল জ্বালানি ও বিভিন্ন শিল্পপণ্যে রূপান্তর করছে। এর ফলে প্রাথমিক কাঁচামাল হিসেবে ব্যবহৃত কয়লার অর্থনৈতিক মূল্য আগের তুলনায় প্রায় সাত গুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেইলি।
চীনা গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় নিংজিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলে চায়না এনার্জি গ্রুপের অধীনস্থ ‘নিংজিয়া কোল ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড’-এর বাস্তবায়িত এই বিশাল প্রকল্পটি সম্প্রতি পূর্ণাঙ্গ উৎপাদনে প্রবেশ করেছে।
প্রকল্পটিতে উন্নত ‘পরোক্ষ কয়লা তরলীকরণ’ (Indirect Coal Liquefaction) প্রযুক্তি ব্যবহার করে কয়লা থেকে উচ্চমানের সিন্থেটিক তেলজাত পণ্য তৈরি করা হচ্ছে। প্রক্রিয়াজাত এসব পণ্যে সালফার ও ক্ষতিকর অ্যারোমেটিকের পরিমাণ অত্যন্ত কম। যা সাধারণ জ্বালানি হিসেবে ব্যবহারের পাশাপাশি মহাকাশযানের রকেটের বিশেষ জ্বালানি এবং ভারী শিল্পকারখানার যন্ত্রপাতির বিশেষ লুব্রিকেন্ট তৈরিতেও ব্যবহৃত হচ্ছে।
বছরে প্রায় ২ কোটি ৪০ লাখ টন কয়লা প্রক্রিয়াজাত করার ক্ষমতাসম্পন্ন এই কারখানাটি নিংজিয়া অঞ্চলের মোট বার্ষিক কয়লা উৎপাদনের প্রায় এক-চতুর্থাংশ ব্যবহার করে।
বৈশ্বিক জ্বালানি প্রযুক্তি, প্রাকৃতিক সম্পদ ও বৈজ্ঞানিক অগ্রগতি বিষয়ক সর্বশেষ খবর জানতে পড়তে পারেন
বিশ্ব রাজনীতি ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক চরম রাজনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে এই প্রযুক্তিটি চীনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইতিপূর্বে চীন তাদের প্রয়োজনীয় অপরিশোধিত তেলের ৪০ শতাংশেরও বেশি মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমদানি করত। অভ্যন্তরীণ কাঁচামাল দিয়ে জ্বালানি নিরাপত্তা জোরদারে দেশটির এই পদক্ষেপকে বড় একটি সাফল্য হিসেবে দেখছেন অর্থনৈতিক ও প্রযুক্তি বিশ্লেষকেরা।
|