জহিরুল হক মিলন, ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের সীমান্তবর্তী কামাল্লা গ্রাম থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামাল্লা গ্রামের মিয়াচান হুজুরের মুরগির খামারের দক্ষিণ পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হোসেন জানান, মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে পারে। তবে স্থানীয়রা কেউই তার পরিচয় শনাক্ত করতে পারেননি।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম জানান, ঘটনাস্থলটি ভারতীয় সীমান্ত থেকে প্রায় ১৫০ গজ দূরে। বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-কেও অবহিত করা হয়েছে এবং মরদেহের ছবি পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে পিবিআই ঘটনাস্থলে কাজ করছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ.আই.এল/সকালবেলা