ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের হাজী শরীয়তুল্লাহ বাজারে ২০২৬–২০২৭ অর্থবছরের ইজারা সংক্রান্ত দরপত্র প্রক্রিয়ায় সিডিউল জমা দিতে না পারায় জেলা প্রশাসক বরাবর পুনরায় দরপত্র আহ্বানের আবেদন করেছেন ইজারাদার ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। মূলত দুষ্কৃতকারীদের বাধা ও হুমকির মুখে সাধারণ ব্যবসায়ীরা সিডিউল জমা দিতে ব্যর্থ হওয়ায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
লিখিত আবেদন সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের জন্য মোট ৪৭ জন দরপত্রদাতা সিডিউল ক্রয় করেছিলেন। তবে গত ১৬ ফেব্রুয়ারি সিডিউল জমা দিতে গেলে একদল বহিরাগত দুষ্কৃতকারী তাদের পথরোধ করে এবং প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করে। ব্যবসায়ীদের অভিযোগ, ফরিদপুরের একসময়ের শীর্ষ সন্ত্রাসী ‘নেংড়া সেলিম’-এর ছোট ভাই ও অস্ত্র মামলার আসামি জনি এবং তার অনুসারীরা এই বাধা প্রদানের নেপথ্যে ছিল। এই আকস্মিক হামলায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে নিরাপত্তাজনিত কারণে কেউ আর সিডিউল জমা দিতে পারেননি।
বর্তমান ইজারাদার লিয়াকত আলী খান লাবলু জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে অনুরোধ জানিয়েছেন যাতে সুষ্ঠু ও স্বচ্ছ প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিতে পুনরায় দরপত্র আহ্বান করা হয়। আবেদনে ব্যবসায়ীরা উল্লেখ করেন, সরকারি রাজস্ব সুরক্ষায় এবং সকল সিডিউল ক্রয়কারীর অংশগ্রহণ নিশ্চিত করতে পুনরায় ইজারা প্রক্রিয়া শুরু করা জরুরি।
সিডিউল ক্রয়কারী ব্যবসায়ীরা জানান, তারা নির্ধারিত নিয়ম অনুযায়ী দরপত্র প্রক্রিয়ায় অংশ নিতে প্রস্তুত রয়েছেন, তবে এর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
ফরিদপুরের এই আলোচিত ঘটনাটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। যদিও এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, তবে সংশ্লিষ্ট মহলের ধারণা, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুতই দরপত্র বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ