ঝিনাইদহে নির্বাচন-পরবর্তী সহিংসতা: বাড়িতে হামলা, স্বামী-স্ত্রীসহ আহত ২

ঝিনাইদহে নির্বাচন-পরবর্তী সহিংসতা: বাড়িতে হামলা, স্বামী-স্ত্রীসহ আহত ২

মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার কালা (লক্ষ্মীপুর) গ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে এক বাড়িতে বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। নির্বাচনে নির্দিষ্ট প্রতীকে ভোট না দেওয়ার জেরে প্রতিপক্ষের এই হামলায় স্বামী-স্ত্রীসহ অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী মোছাঃ বেদানা খাতুন (৪৫) থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, তাঁর স্বামী মোঃ রহিম শেখ (৫৫) স্থানীয় রাজনৈতিক মতবিরোধের কারণে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের হুমকি ও চাপের মুখে ছিলেন। নির্বাচনের আগে তাঁকে একটি নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার জন্য চাপ দেওয়া হলেও তিনি তাতে রাজি হননি। সেই ক্ষোভ থেকেই গত ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেল সাড়ে ৪টার দিকে রহিম শেখ নিজ বাড়িতে নামাজ শেষ করার পরপরই অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়।

অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা রহিম শেখকে বাড়িতে ঢুকে এলোপাতাড়ি মারধর করে, যার ফলে তাঁর মাথা, কাঁধ, পা ও বুকে গুরুতর জখম হয়। এ সময় স্বামী রহিম শেখকে বাঁচাতে স্ত্রী বেদানা খাতুন ও প্রতিবেশী মঞ্জুরা বেগম এগিয়ে এলে তাঁদেরও মারধর ও শ্লীলতাহানি করা হয়। হামলাকারীরা বসতঘরের টিনের বেড়া ভাঙচুর করে প্রায় ১২ হাজার টাকার ক্ষতিসাধন করে এবং ঘরে রাখা ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন