বেনজীরকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতির বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশ থেকে বেনজীরকে ফেরত চেয়ে সব ধরনের আইনি নথি দুবাই পুলিশের কাছে পাঠানো হয়েছে। তবে নথিপত্র পাওয়ার পর দুবাই পুলিশ এখন পর্যন্ত বাংলাদেশ কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে পরবর্তী কোনো সিদ্ধান্তের কথা জানায়নি।”
ওসমান হাদি হত্যায় অভিযুক্ত আসামি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশে পলাতক ওই আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জোর কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে।
ভারত সীমান্ত দিয়ে ‘পুশ-ইন’ বা অনুপ্রবেশের চেষ্টা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অত্যন্ত কঠোর ও সজাগ অবস্থানের কারণে ভারত সীমান্তে এখনো বড় ধরনের কোনো অনুপ্রবেশ ঘটানো সম্ভব হয়নি।” তিনি ভারতের উদ্দেশ্যে বলেন, পুশ-ইনের চেষ্টা কোনো যথাযথ বা আইনি প্রক্রিয়া নয়। ভারতে যদি কোনো অবৈধ বাংলাদেশি নাগরিক অবস্থান করে থাকে, তবে ভারত সরকার যেন যথাযথ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সেই তালিকা বাংলাদেশকে সরবরাহ করে।
মন্ত্রী আরও জানান, ভারত যদি কোনো বাংলাদেশির তালিকা প্রদান করে, তবে সরকার তাদের জাতীয়তা যাচাই-বাছাই করে নিয়ম অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
জান্নাত সকালবেলা
|