সুন্দরগঞ্জে নিয়োগে অনিয়ম, ইউএনও অফিসে তালা

প্রকাশ: বুধবার, ১২ আগস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে নিয়োগে অনিয়ম, ইউএনও অফিসে তালা

হাবিবুল্লাহ্ সরকার, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তার অপসারণ দাবি করেছেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে পৌর শহরের বাহিরগোলা জামে মসজিদ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সমাজসেবা কার্যালয় ও ইউএনও কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ড শুমারির স্বেচ্ছাসেবী নিয়োগে যোগ্যতা ও স্বচ্ছতা না মেনে পছন্দের প্রার্থীদের সুযোগ দেওয়া হয়েছে। তাঁদের দাবি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাইলট প্রকল্প ফ্যামিলি কার্ড নিয়ে একটি নির্দিষ্ট পক্ষকে সুবিধা দিতে বৈষম্যমূলক নিয়োগ দেওয়া হয়েছে। অবিলম্বে এ বিতর্কিত নিয়োগ বাতিল করে ২৪ ঘণ্টার মধ্যে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নতুন নিয়োগের আলটিমেটাম দেন তাঁরা।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ, সদস্যসচিব মো. মাহমুদুল ইসলাম প্রামাণিক, পৌর বিএনপির আহ্বায়ক মো. ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপনসহ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষনেতৃবৃন্দ। বক্তারা স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ তোলেন।

তবে অনিয়মের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি। তিনি জানান, মোট ছয়টি স্বতন্ত্র বোর্ডের মাধ্যমে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযোগ থাকলে লিখিতভাবে জানানোর সুযোগ ছিল বলে উল্লেখ করেন তিনি। তবে কার্যালয়ে তালা দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি ইউএনও।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন