সিএমপির ওপেন হাউজ ডে: তাৎক্ষণিক আইনি সমাধান
মোহাম্মদ সোহেল রানা, ব্যুরো প্রধান, চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে নগরীর দামপাড়াস্থ সিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে পূর্বঘোষিত নিয়মিত জনসেবামূলক কর্মসূচি 'ওপেন হাউজ ডে'। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত চলে এই উন্মুক্ত প্রশ্নোত্তর ও সেবাদান কর্মসূচি।
কর্মসূচিতে চট্টগ্রাম নগরের সর্বস্তরের সেবাপ্রত্যাশী নাগরিকেরা সরাসরি উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত নানাবিধ সমস্যা, অভিযোগ ও মতামত তুলে ধরেন।
সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী ব্যক্তিগতভাবে সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ ও বক্তব্য গুরুত্বের সঙ্গে শোনেন। তাৎক্ষণিকভাবে বহু জটিল সমস্যার সমাধান দেওয়ার পাশাপাশি কয়েকটি বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে উপস্থিত সংশ্লিষ্ট থানা ও বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। সিএমপি কমিশনারের এই তাৎক্ষণিক পদক্ষেপ ও কল্যাণমুখী উদ্যোগে গভীর সন্তোষ প্রকাশ করেন উপস্থিত সাধারণ নগরবাসী।
অনুষ্ঠানে সিএমপির শীর্ষ পুলিশ কর্মকর্তাদের এক বিরাট দল উপস্থিত ছিল। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমা।
এছাড়াও উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. রইছ উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) কবীর আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেনসহ সিএমপির বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সাধারণ নাগরিকগণ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|