সৌদিতে নিহত তিন প্রবাসীর পাশে বিএনপি

প্রকাশ: বুধবার, ১২ আগস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ণ
সৌদিতে নিহত তিন প্রবাসীর পাশে বিএনপি

মোল্লা মো. আরিফুল ইসলাম, নাটোর: সৌদি আরবের রাজধানী রিয়াদের মুসাসা এলাকায় সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলার তিন প্রবাসীর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নাটোর জেলা বিএনপির নেতৃবৃন্দ।

বুধবার (১২ আগস্ট) উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নে নিহত তিন প্রবাসীর বাড়িতে সশরীরে গিয়ে স্বজনদের খোঁজখবর নেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ।

নিহত তিন প্রবাসী হলেন—নলডাঙ্গার দীঘির পাড় গ্রামের জাকির আলীর ছেলে শামীম হোসেন (৩৫), খাজুরার শ্রীপুর পাড়ার গোলাম রাব্বানীর ছেলে সাব্বির আহমেদ শুভ (৩০) এবং মহিশডাঙ্গা গ্রামের আসলাম হোসেনের ছেলে রবিউল আউয়াল হৃদয় (২৫)।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে রিয়াদের ওই সোফা কারখানায় হঠাৎ ভয়াবহ আগুন লাগে। এতে ঘটনাস্থলেই নাটোরের এই তিন তরুণ নিহত হন। তাঁদের মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে রহিম নেওয়াজ বলেন, "ঘটনাটি শোনার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।"

তিনি আরও জানান, বিএনপি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। পাশাপাশি নিহতদের মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ সময় অন্যদের মধ্যে জেলা বিএনপি নেতা অধ্যাপক আহমেদ উল্লাহ চৌধুরী স্বপ্নন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, খাজুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুট্টু এবং বিএনপি নেতা আফজাল হোসেনসহ অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে মর্মান্তিক এই ঘটনায় দ্রুত মরদেহগুলো দেশে এনে পরিবারের কাছে হস্তান্তরের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন স্বজনরা।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন