ভিপি সোহেলকে নিয়ে অসত্য সংবাদের তীব্র প্রতিবাদ, নাগরিকদের ক্ষোভ

প্রকাশ: বুধবার, ১২ আগস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ণ
ভিপি সোহেলকে নিয়ে অসত্য সংবাদের তীব্র প্রতিবাদ, নাগরিকদের ক্ষোভ

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও বিএনপি নেতা খালেদ সাইফুল্লাহ সোহেলকে (ভিপি সোহেল) জড়িয়ে একটি অনলাইন পোর্টালে ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানিয়েছে সচেতন রাজনৈতিক মহল ও সাধারণ নাগরিক সমাজ।

বুধবার (১২ আগস্ট) ঢাকা থেকে প্রকাশিত ‘আজাদির ডাক’ নামক একটি অনলাইন পোর্টালে কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নুসরাত জাহানের একক একটি ভিডিওকে কেন্দ্র করে ভিপি সোহেলকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত এই সংবাদ প্রচার করা হয়।

প্রতিবেদনে উল্লিখিত ভিডিওতে কোনো পুরুষকে দেখা যায়নি এবং প্রকাশিত খবরের সপক্ষে সংশ্লিষ্ট পোর্টাল বা প্রতিবেদক কোনো তথ্য-প্রমাণ বা সত্যতা উপস্থাপন করতে পারেনি। স্থানীয় সচেতন মহলের মতে, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যেই এই মনগড়া খবর প্রকাশ করা হয়েছে। ভিত্তিহীন এই সংবাদের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সুশীল সমাজে তথাকথিত 'হলুদ সাংবাদিকতা' ও নোংরা মানসিকতার বিরুদ্ধে তীব্র নিন্দার ঝড় উঠেছে।

প্রকাশিত এই অসত্য ও বানোয়াট সংবাদের কড়া প্রতিবাদ জানিয়ে দেশবাসীর উদ্দেশ্যে এক বার্তা দিয়েছেন কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল। সংবাদটিকে 'হলুদ সাংবাদিকতা ও নোংরামি' আখ্যা দিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

প্রতিবাদ বার্তায় তিনি বলেন, "যতদিন দেশে এই বট আইডি ও অপপ্রচারকারীরা থাকবে এবং সরকার তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা না নেবে, ততদিন আমাদের এসবের মুখোমুখি হতে হবে। এর আগেও আমাদের বহু শীর্ষ নেতা, মন্ত্রী এমনকি দলের শীর্ষ নেতৃত্ব ও তাঁদের পরিবারকে নিয়েও এভাবে কুরুচিপূর্ণ অপপ্রচার চালানোর চেষ্টা করা হয়েছে।"

তিনি আরও বলেন, "এ ধরনের নোংরামি থেকে জাতিকে মুক্ত করার জন্য আমাদের আইনি ও সাংগঠনিক তৎপরতা চলছে এবং অতি শিগগিরই আমরা এতে সফল হব, ইনশাআল্লাহ। যারা এ ধরনের হীন কাজের সঙ্গে যুক্ত, শত চেষ্টা করেও তাঁরা এভাবে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারবেন না। আমি তাঁদের অনুরোধ করব, এখনও সময় আছে ভালো হয়ে যান এবং সঠিক পথে চলুন। মিথ্যাচার করে কাউকে ছোট করার চক্রান্ত কখনো সফল হবে না।"

ঘটনার পর স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা ভুয়া তথ্য ছড়িয়ে সম্মানিত ব্যক্তি ও রাজনীবিদদের চরিত্রহননের অপচেষ্টাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন