বরগুনায় ত্রাস সৃষ্টিকারী ‘কালু বাহিনী’র প্রধানসহ গ্রেপ্তার ৪, দেশীয় অস্ত্র উদ্ধার

বরগুনায় ত্রাস সৃষ্টিকারী ‘কালু বাহিনী’র প্রধানসহ গ্রেপ্তার ৪, দেশীয় অস্ত্র উদ্ধার

মোঃ সোহেল রানা, বরগুনা: বরগুনায় কিশোর গ্যাং কালচার ও দেশীয় অস্ত্র নিয়ে দাপট প্রদর্শনকারী আলোচিত ‘কালু বাহিনী’র প্রধান মোঃ ইব্রাহিম হোসেন ওরফে কালুসহ বাহিনীর চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ধানসিঁড়ি সড়কে একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে—এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পাশের ‘নিঝুম ভবন’ নামে একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে পুলিশ সেখানে ঘেরাও করে চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— বাহিনীর প্রধান মোঃ ইব্রাহিম হোসেন কালু (২৭), মোঃ রাজন (২০), মোঃ আলআমিন (১৯) ও মোঃ শাকিল (২৪)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রধান আসামি কালু অস্ত্রের অবস্থান জানালে তার দেওয়া তথ্যমতে দুটি বড় ছেনা এবং একটি রাম-দা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘ দিন ধরে বরগুনা সদর এলাকায় কিশোর গ্যাং গঠন করে দেশীয় অস্ত্রসহ মহড়া, সাধারণ মানুষকে মারধর এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল।

পুলিশের রেকর্ড অনুযায়ী, প্রধান আসামি ইব্রাহিম হোসেন কালুর বিরুদ্ধে বরগুনা সদর থানায় হত্যাচেষ্টা, মারধর ও চুরিসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত রাজন ও শাকিলের বিরুদ্ধেও ইতিপূর্বে বিভিন্ন ধারায় মামলা ও চার্জশিট দাখিলের তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন এবং প্রধান আসামির বিরুদ্ধে পৃথকভাবে অস্ত্র আইনে বরগুনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কার্যক্রম দমনে জেলা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন