ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি ভবনের রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ অন্তত ৯ জন দগ্ধ হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে হালিশহরের এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামক একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ফ্ল্যাটের রান্নাঘরের চুলা থেকে গ্যাস লিক হয়ে পুরো ঘরে গ্যাস জমে ছিল। ভোরে রান্নার জন্য আগুন জ্বালালে মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
দগ্ধদের মধ্যে আটজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন— শাখাওয়াত হোসেন (৪৬), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), মো. শাওন (১৭), মো. আনাস (৭), মো. আইমান (৯), আয়েশা আক্তার (৪) ও পাখি আক্তার (৩৫)। আহতদের বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, দগ্ধ অবস্থায় ৯ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের শরীরের বড় একটি অংশ পুড়ে যাওয়ায় সবার অবস্থাই সংকটাপন্ন। নিবিড় পর্যবেক্ষণে তাদের চিকিৎসা চলছে।
দগ্ধদের স্বজন মো. মকবুল হোসেন জানান, ওই বাসায় দুই ভাইয়ের পরিবার বসবাস করত। সম্প্রতি বিদেশ থেকে আরেক ভাই দেশে ফিরে চিকিৎসার জন্য সপরিবারে ওই বাসায় অবস্থান করছিলেন। বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী আলমগীর হোসেন জানান, ভবনটিতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির লাইনের সংযোগ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লিকেজ থেকে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে আসাতেই এই বিস্ফোরণ।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ