কুড়িগ্রামে বিএনপি নেতার মামলায় বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে

কুড়িগ্রামে বিএনপি নেতার মামলায় বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বিএনপি নেতার দায়ের করা হামলা ও লুটপাটের মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হাসান জিহাদীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (রাজারহাট আমলি আদালত) বিচারক মো. মমতাজুল করিম এই আদেশ দেন। হাসান জিহাদী রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবোত্তর গ্রামের রাজিকুল ইসলামের ছেলে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি রাতে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ সরিষাবাড়ী এলাকায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলামের বাড়িতে হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, হাসান জিহাদী ও তাঁর সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে শহিদুলের বাড়িতে হামলা চালিয়ে টিনের বেড়া ভাঙচুর এবং নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করেন। ওই ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে রাজারহাট থানায় হাসান জিহাদীসহ ১৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। রবিবার দুপুরে মামলার আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত হাসান জিহাদীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন, তবে অন্য আসামিদের জামিন মঞ্জুর করেন।

এদিকে হাসান জিহাদীর সমর্থকরা তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, উচ্চ শব্দে গান বাজানো নিয়ে বিরোধের জেরে এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে। হাসান জিহাদীর সমর্থকদের পক্ষ থেকে বলা হয়, ১৪ ফেব্রুয়ারি রাতে শহিদুল ইসলাম ও তাঁর লোকজন উচ্চ শব্দে গান বাজাচ্ছিলেন, যা এলাকাবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। হাসান জিহাদী এর প্রতিবাদ জানালে শহিদুল ইসলামের লোকজন উল্টো তাঁর ওপর হামলা চালায় এবং পরে ঘটনাটি ভিন্ন খাতে নিতে এই উদ্দেশ্যপ্রণোদিত মামলাটি করা হয়েছে। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ জানান, আদালতের নির্দেশ অনুযায়ী হাসান জিহাদীকে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন