ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর: মাত্র পাঁচ টাকা নিয়ে বিদ্যুৎ বিলের বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে প্রাণ হারিয়েছেন এক দুবাই প্রবাসী যুবক। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন (৩৫) ওই এলাকার বাসিন্দা এবং সম্প্রতি ছুটিতে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর ও তাঁর বড় ভাই খোরশেদ আলম একটি যৌথ বৈদ্যুতিক মিটার ব্যবহার করতেন এবং বিলের টাকা দুজনে ভাগ করে দিতেন। চলতি মাসের বিল পরিশোধের সময় আলমগীর ৫ টাকা কম দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকানে এই বিরোধ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে খোরশেদ আলম তাঁর সহযোগীদের নিয়ে আলমগীরকে এলোপাতাড়ি মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে বাড়িতে কথা-কাটাকাটির পর দোকানে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়। ঘটনার কিছুক্ষণ পর আলমগীর দোকানে বসে থাকা অবস্থায় হঠাৎ ঢলে পড়ে যান। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ আরও জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ না পাওয়া গেলেও ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ