মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা: ব্যবসায়ীদের গুলিতে ৪ গ্রামবাসী আহত

মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা: ব্যবসায়ীদের গুলিতে ৪ গ্রামবাসী আহত

নিজস্ব প্রতিবেদক, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় ব্যবসায়ীদের ছোড়া ছররা গুলিতে ৪ গ্রামবাসী আহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এই সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। আহতরা হলেন— আলিম মিয়া, নূরু মিয়া, সফর মিয়া ও নুরুল মিয়া। তাঁরা সবাই চরলাপাং গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগরের মেঘনা নদীতে ‘সামিউল ট্রেডার্স’ নামক একটি প্রতিষ্ঠান ইজারা নিয়ে বালু উত্তোলন করছে। অভিযোগ রয়েছে, ইজারাদার ও নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর এলাকার একটি চক্র নির্দিষ্ট সীমানা লঙ্ঘন করে চরলাপাং গ্রামের কৃষিজমির কাছ থেকে অবৈধভাবে বালু সংগ্রহ করে আসছিল। এতে ওই এলাকায় ব্যাপক নদী ভাঙনের ঝুঁকি তৈরি হয়। রোববার সকালে পুনরায় বালু উত্তোলন করতে এলে গ্রামবাসী একজোট হয়ে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে রায়পুরার মির্জাচর এলাকা থেকে স্পিডবোট ও নৌকায় করে আসা একদল সশস্ত্র বালু উত্তোলনকারী গ্রামবাসীর ওপর লক্ষ্য করে এলোপাতাড়ি ছররা গুলি ছোড়ে। এতে চারজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বালু উত্তোলনে বাধা দেওয়াকে কেন্দ্র করে গ্রামবাসীর ওপর গুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন