নোয়াখালীতে পিকআপের ধাক্কায় বাস সুপারভাইজারের মৃত্যু
মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর মাইজদীতে মাটিবাহী দ্রুতগতির একটি পিকআপের চাপায় মো. জাবেদ হোসেন আকাশ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার গভীর রাতে মাইজদী হাসপাতাল সড়কের প্লাটরোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ একুজে পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি সদর উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের জাকের হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে আকাশ মাইজদী প্রাইম হাসপাতালে অসুস্থ বোনকে দেখতে যান। সেখান থেকে বোনের স্বামীর মোটরসাইকেল নিয়ে বড় মসজিদ মোড়ের দিকে যাওয়ার পথে প্লাটরোড মোড়ে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি মাটিবাহী পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, ঘাতক পিকআপটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ.আই.এল/সকালবেলা