দেশের অতি ধনাঢ্য ব্যবসায়ীদের হাতে চা বাগানের মালিকানা

প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ণ
দেশের অতি ধনাঢ্য ব্যবসায়ীদের হাতে চা বাগানের মালিকানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: দেশে চা বোর্ডের নিবন্ধিত ১৬৭টি চা বাগানের একটি বড় অংশের মালিকানায় রয়েছেন দেশের শীর্ষ ও অতি ধনাঢ্য ব্যবসায়ীরা। মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, রাঙ্গামাটি, পঞ্চগড় ও ঠাকুরগাঁও—এই সাত জেলার ২ লাখ ৭৯ হাজার ৫০৬ একর জমিতে গড়ে ওঠা চা বাগানগুলোর মধ্যে সবচেয়ে বেশি জমি রয়েছে মৌলভীবাজার জেলায়।

চা বোর্ডের তথ্য বিশ্লেষণে দেখা যায়, সিলেটের ১৩৫টি প্রধান চা বাগানের মালিকানায় ইস্পাহানি, আকিজ, সিবিএ, সিটি গ্রুপ, প্যারাগন এবং ডানকান ব্রাদার্সের মতো বৃহৎ করপোরেট ও প্রভাবশালী ব্যবসায়ী পরিবারগুলো যুক্ত রয়েছে। বড় বড় গ্রুপগুলোর পাশাপাশি বেশ কিছু স্বাধীন ট্রাস্ট ও সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানির অধীনেও একাধিক বাগান পরিচালিত হচ্ছে।

তবে দেশের এই ঐতিহ্যবাহী চা শিল্প বর্তমানে নানামুখী সংকট ও চ্যালেঞ্জের মুখোমুখি। চলতি মৌসুমে অতিরিক্ত দাবদাহ ও তীব্র লোডশেডিংয়ের কারণে চা পাতা প্রক্রিয়াকরণ ও চায়ের গুণগত মান ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। কারখানাগুলোতে জেনারেটর দিয়ে উৎপাদন সচল রাখতে গিয়ে লাগামহীনভাবে বাড়ছে উৎপাদন খরচ।

বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন ও টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিটিএবি) সংশ্লিষ্টরা জানান, গত ৮-১০ বছরে নিলামে চায়ের গড় মূল্য অপরিবর্তিত থাকলেও শ্রমিকের মজুরি, বিদ্যুৎ ও অন্যান্য উপকরণ খরচ বহুগুণ বেড়েছে। ফলে অনেক পুরোনো মালিক বাধ্য হয়ে বাগান বিক্রি করছেন এবং প্রতিষ্ঠিত করপোরেট বাগানগুলোও লোকসানের মুখে পড়ছে। এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতা ও সার্বিক রূপরেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট উদ্যোক্তারা।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন