মুকসুদপুরে অভিযানে চায়না দুয়ারি জাল ধ্বংস
রাসেল শেখ, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে জলাশয়ে অভিযান চালিয়ে ১১২টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপ্তরগাতী ঘড়া ভাঙ্গা বিলে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষা ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে গোপ্তরগাতী ঘড়া ভাঙ্গা বিলে এ অভিযান চালানো হয়। এ সময় বিলের বিভিন্ন পয়েন্ট থেকে ১১২টি ক্ষতিকর চায়না দুয়ারি জাল জব্দ করার পর তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানকালে খান্দারপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমারত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় দেশীয় মাছের প্রজনন ও সুরক্ষা নিশ্চিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ জালের ব্যবহার বন্ধে এবং প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা