কে এই ‘বিস্ময় বালক’ গ্যাব্রিয়েল

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
কে এই ‘বিস্ময় বালক’ গ্যাব্রিয়েল
ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ ফরোয়ার্ড ‘বিস্ময় বালক’ জেজে গ্যাব্রিয়েল।

ক্রীড়া ডেস্ক: ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ওল্ড ট্রাফোর্ডে হঠাৎ করেই তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। একাডেমির ১৫ বছর বয়সী ফরোয়ার্ড জেজে গ্যাব্রিয়েল ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক আবেদন জমা দেওয়ায় তাঁকে দলে ভেড়াতে স্প্যানিশ দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে শুরু হয়েছে জোর লড়াই।

ফুটবল দলবদলের বিশ্বস্ত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর দেওয়া তথ্যানুযায়ী, ইউরোপিয়ান ফুটবলের দুই হেভিওয়েট ক্লাব এই ইংলিশ তরুণকে পেতে চরম তৎপরতা চালাচ্ছে।

ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমির অন্যতম উজ্জ্বল ও সম্ভাবনাময় তারকা গ্যাব্রিয়েল। লেফট উইং ও অ্যাটাকিং মিডফিল্ড—দুই পজিশনেই সমান দক্ষ এই তরুণ গত মৌসুমে ক্লাবের ইতিহাসে সবচেয়ে কম বয়সে মর্যাদাপূর্ণ ‘জিমি মারফি ইয়ং প্লেয়ার অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে নজর কেড়েছিলেন। এমনকি মূল দলের প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বেও তাঁকে দারুণ পারফর্ম করতে দেখা যায়।

তবে ক্লাবের মূল দলে নিজের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ ও পর্যাপ্ত সুযোগ নিয়ে অসন্তোষ তৈরি হওয়ায় তিনি ম্যানইউ ছাড়ার সিদ্ধান্ত নেন। ক্লাব কর্তৃপক্ষ জরুরি বৈঠক ডেকে তাঁর সিদ্ধান্ত বদলানোর চেষ্টা করলেও গ্যাব্রিয়েল অনুশীলনে যাওয়া বন্ধ করে দেন এবং আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিলের আবেদন জানান।

গ্যাব্রিয়েল এবং তাঁর পরিবারের পছন্দের শীর্ষে রয়েছে স্প্যানিশ ফুটবল। অক্টোবরের শুরুতে ১৬ বছরে পা দিতে যাওয়া এই তরুণের কাছে আয়ারল্যান্ডের পাসপোর্ট রয়েছে। ফলে ব্রেক্সিট-পরবর্তী জটিলতা এড়িয়ে ১৬ বছর বয়সেই ইউরোপের যেকোনো ক্লাবে যোগ দেওয়ার আইনি সুযোগ রয়েছে তাঁর।

রিয়াল মাদ্রিদ তাঁকে সরাসরি তাঁদের রিজার্ভ টিম ‘কাস্তিয়া’য় খেলাবোর পরিকল্পনা দেখিয়েছে, যা তাঁদের বার্সেলোনার চেয়ে সুবিধাজনক অবস্থানে রেখেছে। তবে চেলসি, পিএসজি ও বায়ার্ন মিউনিখের মতো ইউরোপের অন্যান্য শীর্ষ ক্লাবগুলোও গ্যাব্রিয়েলের বর্তমান পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে।

মন্তব্য করুন