কটিয়াদীতে নুরুল্লাহ শাওন হত্যার প্রতিবাদে মানববন্ধন: পলাতক আসামিকে গ্রেপ্তারের দাবি

কটিয়াদীতে নুরুল্লাহ শাওন হত্যার প্রতিবাদে মানববন্ধন: পলাতক আসামিকে গ্রেপ্তারের দাবি

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে কটিয়াদী সরকারি কলেজের সাবেক ছাত্র ও আনন্দমোহন কলেজের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী নুরুল্লাহ শাওন হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) বাদ জোহর কলামহল দরগা জামে মসজিদ প্রাঙ্গণে ছাত্রসমাজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা শাওন হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জোর দাবি জানান। তারা এই হত্যাকাণ্ডকে একটি সম্ভাবনাময় তরুণের নির্মম মৃত্যু হিসেবে উল্লেখ করে বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই মামলার নিষ্পত্তি করতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে এ ধরনের অপরাধপ্রবণতা আরও বৃদ্ধি পাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

মানববন্ধন থেকে জানানো হয়, নুরুল্লাহ শাওন হত্যাকাণ্ডে মোট ৭ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ পর্যন্ত ৬ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও ১ জন এখনো পলাতক রয়েছে। বক্তারা সেই পলাতক আসামিকে অবিলম্বে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোরালো দাবি জানান।

ছাত্রনেতা ও সাধারণ মানুষের পাশাপাশি মানববন্ধনে বক্তব্য রাখেন মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, নিহতের চাচা সাজেদুল ইসলাম সেলিম এবং কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাইমসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। নিহতের পরিবারের সদস্যরা তাদের বক্তব্যে সন্তানের হত্যার ন্যায়বিচারের দাবি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন।

আয়োজকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বিচার কার্যক্রম দৃশ্যমান না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন