ইউপি কার্যালয় ভাঙচুর ও চেয়ারম্যানকে হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ইউপি কার্যালয় ভাঙচুর ও চেয়ারম্যানকে হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানের বিরুদ্ধে সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাঙচুর এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুছ ছাত্তার মধ্যনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার দিন বিকেলে মেহেদী হাসান ইউপি কার্যালয়ে এসে চেয়ারম্যান আব্দুছ ছাত্তারের কাছে পরিষদের বর্তমান বাজেট সম্পর্কে জানতে চান। চেয়ারম্যান তখন ‘কোনো বাজেট নেই’ বলে জানালে মেহেদী উত্তেজিত হয়ে তাকে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে চেয়ারম্যানকে ঘাড় ধাক্কা দিয়ে কার্যালয় থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয় এবং অফিসের ভেতরে থাকা চেয়ার, টেবিল ও গ্লাসসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়। এছাড়া চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

তবে অভিযুক্ত ছাত্রদল নেতা মেহেদী হাসান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, “চেয়ারম্যানের একটি আপত্তিকর ভিডিও আমার হাতে আসায় আমি সে বিষয়ে জানতে তার কার্যালয়ে গিয়েছিলাম। সেই ঘটনা ধামাচাপা দিতেই তিনি নিজে আসবাবপত্র ভাঙচুর করে আমার ওপর দোষ চাপাচ্ছেন এবং মিথ্যা অভিযোগ তুলেছেন।” অন্যদিকে চেয়ারম্যান আব্দুছ ছাত্তার বলেন, আপত্তিকর ভিডিও নিয়ে কোনো কথা হয়নি, বরং বাজেট ও ব্যক্তিগত আধিপত্য নিয়েই মেহেদী এই তাণ্ডব চালিয়েছে।

এ বিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ও জানিয়েছেন, তদন্ত শেষেই প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু জানিয়েছেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে মেহেদী হাসানের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন