ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ছাগলের খাবারের জন্য কাঁঠাল পাতা সংগ্রহ করতে গিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. সোলাইমান (৬৫) নামে এক বৃদ্ধকে বেদম মারধরের অভিযোগ উঠেছে। এ হামলায় ওই বৃদ্ধের হাতের দুটি আঙুল গুরুতরভাবে থেঁতলে রক্তাক্ত জখম করা হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি দুপুরে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সিটপাড়া (কাদিরাপাড়া) এলাকায় এই ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী সোলাইমান জানান, নিজের পালিত ছাগলের খাবারের জন্য প্রতিবেশী আলালের একটি কাঁঠাল গাছ থেকে ছোট একটি ডাল কাটেন তিনি। এই সামান্য ঘটনাকে কেন্দ্র করে আলাল ক্ষিপ্ত হয়ে পূর্ব শত্রুতার জেরে দলবল নিয়ে সোলাইমানের বসতবাড়িতে ঢুকে পড়ে। অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ তাকে উঠানে পেয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে ধারালো দা দিয়ে মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে সোলাইমান হাত দিয়ে তা ঠেকান। এতে তার ডান হাতের দুটি আঙুল গুরুতরভাবে কেটে যায় এবং নখ উঠে গিয়ে রক্তাক্ত জখম হয়।
সোলাইমানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। বর্তমানে তিনি বাড়িতেই যন্ত্রণায় কাতরাচ্ছেন।
ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত আলালের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার পরিবার মারধরের বিষয়টি আংশিক স্বীকার করেছে। স্থানীয় নারী ইউপি সদস্য আনোয়ারা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “অভিযুক্ত আলাল গ্রাম্য সালিশের তোয়াক্কা করে না। একজন বৃদ্ধ মানুষকে এভাবে মারধর করা অত্যন্ত ন্যাক্কারজনক। তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।”
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির আহমেদ জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ