ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আব্দুল মালেক, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার ১০ দিন পেরিয়ে গেলেও এখনো প্রার্থীদের নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়নি। এতে একদিকে যেমন শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে দেবীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিদ্যুতের খুঁটি, গাছ এবং দেয়ালগুলোতে এখনো অসংখ্য নির্বাচনী পোস্টার টাঙানো রয়েছে। এমনকি আঞ্চলিক ও জাতীয় মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বড় আকারের বিলবোর্ডগুলোও এখনো দৃশ্যমান। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের প্রচারসামগ্রী সরিয়ে ফেলার বাধ্যবাধকতা থাকলেও ১০ দিনেও তার প্রতিফলন ঘটেনি।
নিয়ম অনুযায়ী প্রার্থীরা নিজ দায়িত্বে প্রচারসামগ্রী না সরালে সংশ্লিষ্ট পৌরসভা বা কর্তৃপক্ষ তা সরিয়ে নেওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত দেবীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে তেমন কোনো দৃশ্যমান উদ্যোগ লক্ষ্য করা যায়নি। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উপজেলা সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম বলেন, "পোস্টার-ব্যানার ঝুলে থাকায় শহরের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হচ্ছে। নির্বাচন-পরবর্তী সময়ে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন না হলে আইন মানার সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হবে।"
এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। দ্রুত সময়ের মধ্যে এসব নির্বাচনী সরঞ্জাম অপসারণ করে শহরের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ