স্বাস্থ্যসেবা অনিয়মে শ্রীপুরে দুই হাসপাতাল সিলগালা

স্বাস্থ্যসেবা অনিয়মে শ্রীপুরে দুই হাসপাতাল সিলগালা

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিভিন্ন বেসরকারি হাসপাতালে অনিয়ম রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। 

সোমবার (৩০ মার্চ ২০২৬) দুপুরে পরিচালিত এই অভিযানে দুটি হাসপাতালকে জরিমানা ও সিলগালা করা হয়।

জনস্বার্থ ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ এই ঝটিকা অভিযানের নেতৃত্ব দেন। অভিযানকালে মাওনা চৌরাস্তার দুটি প্রতিষ্ঠানে গুরুতর সব অনিয়ম ধরা পড়ে।

১. জহির ডায়াগনস্টিক চক্ষু এন্ড জেনারেল হাসপাতাল: এই প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, অগ্নিনির্বাপণ ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ফায়ার সার্ভিসের কোনো অনুমোদন নেই। এছাড়া হাসপাতালের বিভিন্ন ডায়াগনস্টিক যন্ত্রপাতিতে গুরুতর কারিগরি ও যান্ত্রিক ত্রুটি পাওয়া যায়। এসব অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে সব ত্রুটি সংশোধনের কড়া নির্দেশ প্রদান করা হয়।

২. মাওনা সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড ট্রমা সেন্টার: এখানে অভিযানের সময় এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা সব ফেলে পালিয়ে যান। ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে লাইট-ফ্যান বন্ধ অবস্থায় কেবল একজন পরিচ্ছন্নতাকর্মীকে দেখতে পান। এই পরিস্থিতিতে হাসপাতাল থেকে একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন জব্দ করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

 অভিযান শেষে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম বলেন, “বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই সরকারি নীতিমালা মেনে চলতে হবে। জহির ডায়াগনস্টিক হাসপাতালে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি ও যন্ত্রপাতির ত্রুটি রোগীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অন্যদিকে, মাওনা সেন্ট্রাল কর্তৃপক্ষের পালিয়ে যাওয়া প্রমাণ করে তারা নিয়মনীতির তোয়াক্কা করছিল না। জনস্বার্থে এ ধরণের অনিয়মের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।”

অভিযানকালে শ্রীপুর থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের তদারকি নিয়মিত অব্যাহত থাকবে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন