ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জিয়াবুল হক, টেকনাফ: টেকনাফে নাফ নদী ও সমুদ্রপথে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ২০ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে পৃথক দুটি বিশেষ অভিযানে এসব মালামাল ও পাচারকারীদের আটক করা হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত ১টার দিকে ‘অপারেশন সমুদ্র প্রহরা’য় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘কামরুজ্জামান’ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একটি সন্দেহভাজন ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১০০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। পাচারকাজে জড়িত থাকার অভিযোগে বোটসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা।
অন্যদিকে, রাত ৩টার দিকে ‘অপারেশন কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ একই এলাকায় আরেকটি অভিযান চালায়। অভিযানে আরও একটি ফিশিং বোট থেকে ৩০০ বস্তা সিমেন্ট জব্দ এবং ১০ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত এসব সিমেন্টের বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটককৃত ২০ জনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত দিয়ে চোরাচালান ও অবৈধ পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ