কূপের ছাগল তুলতে নেমে বাবা-ছেলেসহ নিহত ৪
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মর্মান্তিক প্রাণহানি ঘটেছে।
আজ শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকি জলই এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন— জলই গ্রামের বাবুল হাদিমা, তাঁর শিশুপুত্র নেইমার ম্রং এবং একই গ্রামের রতন নকরেক ও গাবরিয়েল নকরেক।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে ওই এলাকার একটি পরিত্যক্ত কূপে হঠাৎ একটি ছাগল পড়ে যায়। প্রথমে গাবরিয়েল নকরেক (৩৫) নামের এক ব্যক্তি ছাগলটি উদ্ধারের জন্য কূপে নামেন। কিন্তু ভেতরে যাওয়ার পর দীর্ঘ সময় তাঁর কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছিল না।
তাঁকে বাঁচাতে এবং ছাগলটি তুলতে একে একে আরও তিনজন কূপে নামেন। এরপর তাঁদেরও আর কোনো সাড়া পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কুপের ভেতরের বিষাক্ত গ্যাসের কারণে দম আটকে তাঁদের মৃত্যু হয়েছে।
ঘটনার পর দীর্ঘ সময় কারও খোঁজ না পেয়ে স্থানীয়রা আতঙ্কিত হয়ে মধুপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে তারা বিশেষ প্রক্রিয়ায় কূপের ভেতর থেকে একে একে চারজনের মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এআইএল/সকালবেলা
|