ভোলার দুই আওয়ামী নেতা ঢাকায় গ্রেপ্তার
উপজেলা প্রতিনিধি, তজুমদ্দিন (ভোলা): ভোলার তজুমদ্দিন উপজেলার দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে নাশকতার অভিযোগে রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল শুক্রবার (১৯ জুন) গভীর রাতে ঢাকা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের উত্তরা জোনাল টিম তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম শহীদুল্লাহ কিরণ এবং তজুমদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি ও সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিশু হাওলাদার।
উপজেলা আওয়ামী লীগের একটি দলীয় সূত্র দাবি করেছে, গ্রেপ্তার হওয়া দুই নেতা ঢাকায় আওয়ামী লীগের সমর্থনে আয়োজিত একটি রাজনৈতিক মিছিল শেষে ভোলায় ফেরার উদ্দেশ্যে লঞ্চঘাটে এসেছিলেন এবং সেখান থেকেই ডিবি পুলিশ তাঁদের আটক করে।
এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, "তাঁদের গ্রেপ্তারের বিষয়ে আমাদের কাছে এখন পর্যন্ত অফিশিয়াল কোনো তথ্য বা বার্তা আসেনি। তবে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তজুমদ্দিন থানায় পূর্বে দায়ের হওয়া মামলা রয়েছে এবং সেই মামলাগুলোতে বর্তমানে তাঁরা আদালত থেকে জামিনে রয়েছেন।"
এআইএল/সকালবেলা
|