পীরগাছায় বন্ধুমহল যুব ফাউন্ডেশনের মেধা পরীক্ষা অনুষ্ঠিত
হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের শিক্ষাজীবনে সহায়তা প্রদানের লক্ষ্যে রংপুরের পীরগাছায় ‘বন্ধুমহল যুব ফাউন্ডেশন’-এর উদ্যোগে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২০ জুন) সকালে উপজেলার পাওটানাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
আয়োজকরা জানান, পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতিটি শ্রেণিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত দুইজন করে মোট ১০ জন শিক্ষার্থীকে নির্বাচন করা হবে। আগামী ছয় মাস তাদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষাসেবা প্রদান করা হবে এবং শিক্ষার যাবতীয় খরচ বহন করবে পীরগাছা বন্ধুমহল যুব ফাউন্ডেশন। নির্বাচিত শিক্ষার্থীরা ‘পীরগাছা বন্ধুমহল একাডেমি’তে এই বিশেষ সুবিধা লাভ করবে।
পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন পীরগাছা বন্ধুমহল যুব ফাউন্ডেশনের সভাপতি ও টিম লিডার এস. এম. মাসুদ রানা, উপদেষ্টা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম রবি এবং পীরগাছা বন্ধুমহল একাডেমির পরিচালক আশরাফুল ইসলাম। এছাড়াও সংগঠনের সিনিয়র অ্যাডমিন আবির, রাসেল, জুঁথি, রেশমা সুখীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের বক্তারা বলেন, সমাজের মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষার পথ সুগম করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এমন শিক্ষাবান্ধব ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। স্থানীয় অভিভাবকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হবে।
এআইএল/সকালবেলা
|