ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, আটক ৩

প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ণ
ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, আটক ৩

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারিদের সাথে পুলিশের রক্তক্ষয়ী গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক উপ-পরিদর্শকসহ (এসআই) পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া পুলিশের ওপর হামলাকারীদের নিজেদের ছোড়া গুলিতে ‘ফাইটার মনির’ নামের এক শীর্ষ মাদক কারবারি গুলিবিদ্ধ হয়েছে।

গতকাল শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১১টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন— ফতুল্লা মডেল থানার এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন ও কনস্টেবল আশিক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ফতুল্লা মডেল থানার এসআই নন্দন সরকারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল মাসদাইর গুদারাঘাট এলাকায় শীর্ষ মাদক কারবারি মনিরের মাদক স্পটে ঝটিকা অভিযান চালায়। অভিযানকালে ১৫ কেজি গাঁজাসহ মূল হোতা মনির ওরফে ফাইটার মনির এবং তার দুই সহযোগী মাসুম ও নাঈমকে হাতেনাতে আটক করে পুলিশ।

এদিকে ফাইটার মনিরের আটকের খবর পেয়ে তার সহযোগী ও অন্যান্য মাদক কারবারিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ছিনিয়ে নিতে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়ে এবং উপর্যুপরি ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ও নিজেদের আত্মরক্ষার্থে পুলিশও শটগানের দুই রাউন্ড পাল্টা গুলি ছোড়ে। এ সময় হামলাকারী মাদক কারবারিদের নিজেদের ছোড়া এলোপাতাড়ি গুলির একটি ফাইটার মনিরের পায়ে গিয়ে বিদ্ধ হয়। একই সাথে মাদক চক্রের ছোড়া ইটপাটকেলের আঘাতে গুরুতর জখম হন পাঁচ পুলিশ সদস্য। পরবর্তীতে পুলিশের তীব্র প্রতিরোধের মুখে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে সকালবেলা-কে জানান, “আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুলিবিদ্ধ মাদক কারবারি মনিরকে পুলিশি হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। পুলিশের ওপর হামলা ও মাদক উদ্ধারের এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন