কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ণ
কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন

সকালবেলা ডেস্ক: কক্সবাজারের কলাতলী এলাকার হোটেল-মোটেল জোনে একটি আবাসিক হোটেলের অষ্টম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্স অ্যাম্বাসেডর নামক ওই হোটেলের ৮ম তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কায় হোটেলটিতে অবস্থানরত শতাধিক পর্যটকসহ আশপাশের অন্যান্য হোটেলের পর্যটক ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে দ্রুত রাস্তায় নেমে আসেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সৈয়দ মোর্শেদ গণমাধ্যমকে জানান, হোটেলটির অষ্টম তলার একটি কক্ষে এসি (এয়ার কন্ডিশনার) থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

এআইএল/সকালবেলা