হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ২০ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক: দেশের বৃহত্তম ইসলামী শিক্ষাকেন্দ্র আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার উদ্যোগে দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন আগামী ২০ নভেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হবে।
মাদ্রাসার মুহতামিম মুফতি খলীল আহমদ কাসেমীর নিবেদনায় আয়োজিত এই দীনি মাহফিলে শরীয়তের আলোকে শুদ্ধ ইমান-আক্বিদা ও হক-বাতিলের পরিচয় তুলে ধরা, কোরআন-হাদিসের বাণী প্রচার এবং বাতিল ফিরকাগুলো সম্পর্কে মুসলিম উম্মাহকে সতর্ক করে সঠিক দিকনির্দেশনা দেওয়া হবে।
মাহফিলে দেশের শীর্ষস্থানীয় বুজুর্গানে দ্বীন ও বরেণ্য উলামায়ে কেরাম পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ ওয়াজ-নসিহত পেশ করবেন।
মাদ্রাসার পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত হয়ে ওয়াজ-নসিহত শ্রবণ, জামিয়ার কার্যক্রম পরিদর্শন এবং দান-সদকা ও দোয়ার মাধ্যমে জামিয়ার অগ্রযাত্রায় শরিক হওয়ার জন্য সাদরে দাওয়াত জানানো হয়েছে।
এআইএল/সকালবেলা