বেলকুচিতে ভাতিজার কোদালের আঘাতে চাচার মৃত্যু, গ্রেপ্তার ২

প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ণ
বেলকুচিতে ভাতিজার কোদালের আঘাতে চাচার মৃত্যু, গ্রেপ্তার ২

আব্দুর রাজ্জাক বাবু (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের বেলকুচিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার কোদালের আঘাতে আবুল কালাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ভাবি হাফিজা খাতুন ও ভাতিজা কামরুল হাসান গুরুতর আহত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় জড়িত অভিযোগে নিহতের চাচাতো ভাইসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) সকালে বেলকুচি উপজেলার ভাঙাবাড়ী ইউনিয়নের উত্তর চন্দনগাঁতি গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে নিহতের স্বজন ও থানা পুলিশ সূত্রে আবুল কালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহত আবুল কালাম ওই গ্রামের মৃত গনি শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে আবুল কালামের সঙ্গে তার চাচাতো ভাই মান্নান শেখের বিরোধ চলছিল। শনিবার সকালে আবুল কালামের মালিকানাধীন একটি শালবাগানের গাছ কাটতে যান মান্নান শেখ ও তার ছেলে আরিফসহ পরিবারের সদস্যরা। খবর পেয়ে আবুল কালাম ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে আরিফ তার হাতে থাকা কোদাল দিয়ে আবুল কালামের মাথায় সজোরে আঘাত করেন বলে অভিযোগ ওঠে।

এ সময় আবুল কালামকে বাঁচাতে গিয়ে ভাবি হাফিজা খাতুন ও ভাতিজা কামরুল হাসান দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালামের মৃত্যু হয়।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, এ ঘটনায় নিহতের ভাই বদিউজ্জামান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর অভিযান চালিয়ে নিহতের চাচাতো ভাই মান্নান শেখ ও তার বেয়াইনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা