কটিয়াদীতে ২০০ সনাতন নারীর মাঝে শাড়ি বিতরণ
মিজানুর রহমান (কটিয়াদী, কিশোরগঞ্জ প্রতিনিধি): কিশোরগঞ্জের কটিয়াদীতে ২০০ অসহায়, দুস্থ ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী নারীর মধ্যে শাড়ি উপহার দিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে কটিয়াদী উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহসভাপতি মিজানুর রহমান স্বপন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুল রহমান সজল সরকারসহ অন্যান্য অতিথি।
অনুষ্ঠানে আলোচনা শেষে ২০০ অসহায় সনাতন নারীর জন্য উপহারের শাড়িগুলো সংশ্লিষ্ট পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে তুলে দেওয়া হয়। তাঁদের মাধ্যমে এই উপহারগুলো সুবিধাভোগী নারীদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগে দুর্গাপূজার আনন্দ সুবিধাবঞ্চিত নারীদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
এআইএল/সকালবেলা