সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসনের সহায়তা পেল সেই ইকন
মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: সংবাদ প্রকাশের পর বাগেরহাটের সংগ্রামী এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে দাঁড়াতে দেশ-বিদেশের অসংখ্য হৃদয়বান মানুষ এগিয়ে এসেছেন। তার লেখাপড়া অব্যাহত রাখা এবং পরিবারের দুর্দিনে সহায়তার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান আর্থিক ও মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকাল ১১টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন ইকনের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। একই সঙ্গে বাগেরহাট সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নগদ অর্থ ও খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়।
উপহার হস্তান্তরকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউদ্দিন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আতিয়া খাতুন এবং ইকনের বড় মামা বাবু।
উল্লেখ্য, বাবার দাফন সম্পন্ন করে সেদিন রাতেই জীবিকার তাগিদে বাংলাদেশ কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন এবং পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ইকনের জীবনসংগ্রাম নিয়ে সংবাদ প্রকাশের পর তা সর্বমহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। খবরটি প্রকাশিত হওয়ার পরেই সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।
এআইএল/সকালবেলা
|