গাজীপুরে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ণ
গাজীপুরে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসিন আরাফাত আদি (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের করুণ মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) দুপুরে উপজেলার চন্নাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন।

নিহত ইয়াসিন আরাফাত আদি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাসিন্দা ও জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল। তার বাবা ডা. সাইফুল ইসলাম শ্রীপুরের চন্নাপাড়া এলাকার ফারুক টাওয়ার সংলগ্ন একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন এবং সেখানে একটি ফার্মেসি পরিচালনা করেন।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে চন্নাপাড়া স্কুল মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলে আদি। খেলা শেষে তারা দলবেঁধে স্কুলের পেছনের একটি পুকুরে গোসল করতে নামে। গোসল শেষে সবাই উঠলেও আদি ও তার আরেক বন্ধু গভীর পানিতে তলিয়ে যেতে থাকে। স্থানীয় এক ব্যক্তির সহায়তায় অপর বন্ধুকে জীবিত উদ্ধার করা গেলেও আদি পানিতে নিখোঁজ হয়ে যায়। স্থানীয়রা খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

মাওনা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার খাইরুল আলম জানান, দুপুর ১টা ৪০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে বিকেল পৌনে ৩টার দিকে পুকুর থেকে আাদির লাশ উদ্ধার করা হয়।

স্বজনদের আকুল কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন