নাগরপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখমের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ণ
নাগরপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখমের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

রিপন খান রবিন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ইউনিয়ন বিএনপি নেতা জামিলুর রহমান জামিলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকালে সলিমাবাদ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে উপজেলার সলিমাবাদ ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তেবাড়িয়া বাজারে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে সলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন পলু বলেন, গত ১৯ জুলাই রাতে সলিমাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামিলুর রহমান জামিলকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন নাগরপুর উপজেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম বাদশা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শফিদুল ইসলাম মনি, সদস্য ফনির হোসেন ভূঁইয়া ও মো. সুমন সিকদার। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, এ ঘটনায় নাগরপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা