রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে ফিরছেন স্পিকার
সংসদ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের খবরে তাঁর থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। চিকিৎসা নিতে থাইল্যান্ডে অবস্থানরত স্পিকারের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই (রোববার) দেশে ফেরার কথা থাকলেও তিনি আগামীকাল শুক্রবারই (২৪ জুলাই) ঢাকা পৌঁছাচ্ছেন।
সংবিধানের বিধান অনুসারে, রাষ্ট্রপতির পদত্যাগপত্র স্পিকারের কাছেই জমা দিতে হয়।
চিকিৎসার উদ্দেশ্যে গত ১৯ জুলাই ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সচিবালয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতে সরকারের উচ্চপর্যায় থেকে স্পিকারকে অবিলম্বে দেশে ফেরার অনুরোধ জানানো হয়। সেই প্রেক্ষাপটেই তিনি সফরের মেয়াদ কমিয়ে দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, “পূর্বসূচি অনুযায়ী স্পিকারের ২৬ জুলাই ফেরার কথা থাকলেও সরকারের অনুরোধে তিনি শুক্রবারই ফিরছেন। প্রাপ্ত তথ্যমতে, শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাঁর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।”
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ (৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতিকে স্পিকারের উদ্দেশ্যে নিজের স্বাক্ষরযুক্ত চিঠির মাধ্যমে পদত্যাগ করতে হয়। অন্যদিকে, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী—রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশের সংসদীয় ইতিহাসে সর্বশেষ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অষ্টম জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর তিনি ২১ জুন ২০০২ থেকে ৬ সেপ্টেম্বর ২০০২ পর্যন্ত মোট ৭৮ দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
এআইএল/সকালবেলা
|